রাণিকে চিনি না আমি
সমরেন্দ্র বিশ্বাস
#
রাণিকে চিনি না আমি আজো ততোখানি,
ধাবমান ঘোড়াদের রাণি যতো চেনে ।
#
রাণি কি রাজার দেশে স্বপ্নের প্রহরী
দেশহীন রাজ্যহীন আমি শুধু ভয়ে ভয়ে মরি
।
#
রাস্তা দিয়ে আমি যাই, দেখা হয়, রাস্তা দিয়ে আসি
আমি যেন ঢালা মেঘ, এলোমেলো জল
রাণি শুধু চোখ তোলে শরীরে কল্লোল ।
#
আমি যদি মাটি হই, রাণি তবে সৌর – হাহাকার
কাপড়ের ভাঁজ থেকে ঝুরু ঝুরু লোহা ঝরে -
সেও চমৎকার
শরীরে মায়াবী গন্ধ কান্না ভরা দগ্ধ
জোছনার ।
#
রাণি মুখ তুলে হাসে, আমাকেই দিনভর ছলে
তার কথা নিরুচ্চার ভেসে থাকে জঙ্গলে
জঙ্গলে
অসহায় আমি শুধু সোঁদা-গুল্মে কানামাছি
খেলি
সূর্যহীন ভিজে মাটি গান গায় রাণির
খেয়ালে ।
#
আমি যদি ছই হই, রাণি
তবে নদী ভাসা গ্রাম
শীতভোরে খেজুরের রস, খুব লাভা, ঝরেছিলো ঘাম ।
আমার রাত্রির বুক টলোমলো, তার চোখে জোনাকির আলো -
রাণিকে চিনি না আমি, তবু বলি, রাণিকেই লেগেছিলো ভালো !
[ কাব্যগ্রন্থ
– অনন্ত জলশব্দে আমি ]
©
biswas.samarendra@hotmail
Comments
Post a Comment