আমাদের সম্পর্কগুলো
আমাদের সম্পর্কগুলো / সমরেন্দ্র বিশ্বাস
১
সম্পর্ক মানে
অলৌকিক পাখি!
সম্পর্ক মানে ইচ্ছে পাখি
সম্পর্কের আছে অলৌকিক ডানা।
তাই পরিচিতি পৃথিবীতে হাত বাড়ালেই
কখনো কখনো আকাশ থেকে নেমে আসে সম্পর্কের
ইচ্ছে-পাখিগুলো
উপহার দিয়ে যায় একরাশ গোলাপের পাপড়ি
কিছু গল্প কথা, কচিৎ কখনো খসে পড়া দু-একটা পালক !
এমনি ভাবেই আকাশে পাক খেতে খেতে
কেটে যায় সম্পর্কের সময়গুলো, আমাদের দিনযাপন !
২
বিচ্ছিন্ন
সম্পর্কগুলো
আগে দেখতাম আমাদের পাড়ায় ঝাঁক ঝাঁক সম্পর্ক
একসঙ্গে আকাশে উড়ছে !
অথচ আজকাল মাত্র দুচারটে পাখি
তাও আবার একলা একলা মানুষগুলো, একলা তাদের আকাশ!
তাহলে
সম্পর্ক কি এখন দলছুট পাখি ?
মাথার উপর সমাজটাতে ধরেছে ফাটল
হানাহানির বিদ্যুত মেঘে আকাশটা সন্দেহপ্রবন ।
অপেক্ষায় আছি আবার কবে সুসম্পর্কের পাখিগুলো
ডানায় নিয়ে আসবে জলজ সংবাদ,
ঠোঁটে তাদের যৌথ-গৃহস্থালি আর সোনালী ক্ষেতের স্বপ্ন !
পাড়ার সবাই মিলে আমরা কবে আবার বসবো নদীতটে,
জলসায়, একান্ত পিকনিকে?
সম্পর্কের মধ্যে
অদৃশ্য কিছু ভয়ঙ্কর ঈগল !
সম্পর্কের মধ্যে
কিছু কি অদৃশ্য-ভয়ঙ্কর লুকানো থাকে ?
সেটা বুঝতেই কেটে গেল আমাদের সারাটা জীবন
এসব কথা ভাবতে ভাবতে সামনে এসে দাঁড়ালো
ঝাঁকে ঝাঁকে কিচিড়-মিচিড় চড়াই আর কিছু ভয়ঙ্কর ঈগল,
কিছু পুঁজিপতি আর সর্বহারার প্রতিনিধি যে যার ঝান্ডা
হাতে !
সম্পর্কের মধ্যে অদৃশ্য কিছু কি লুকানো আছে, খুঁজতে
গিয়েই দেখি
হাতে অস্ত্র কিংবা কামান, মুখে ধর্ম কিংবা জাতি, বৈভব
কিংবা শূণ্যতা -
কিছু সম্পর্ক এখনো যুদ্ধক্ষেত্রে একে অন্যের বিরুদ্ধে
লড়ছে !
[প্রকাশিত - মনন ]
Comments
Post a Comment